Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

ব্লক জুড়ে সার-কীটনাশকের কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ: অফিসারদের সঙ্গে নিয়ে ডেবরার একাধিক দোকানে হানায় বিধায়ক শুভাশীষ ওম

Editor: The News Express By Editor: The News Express August 12, 2026
ব্লক জুড়ে সার-কীটনাশকের কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ: অফিসারদের সঙ্গে নিয়ে ডেবরার একাধিক দোকানে হানায় বিধায়ক শুভাশীষ ওম
ডেবরা: প্রান্তিক কৃষকদের অভিযোগের ভিত্তিতে অবশেষে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। জমিতে চাষের মরশুমে ডেবরা ব্লকের বিভিন্ন এলাকায় সার ও কীটনাশকের কালোবাজারি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠছিল বেশ কিছুদিন ধরে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে এবং চড়া দামে বিক্রি আটকাতে মঙ্গলবার ডেবরা ব্লকের বিভিন্ন সার ও কীটনাশকের দোকানে আচমকা হানা দিলেন ডেবরার বিধায়ক শুভাশীষ ওম। সঙ্গে ছিলেন ব্লক কৃষি দপ্তরের আধিকারিক ও স্থানীয় প্রশাসনিক প্রতিনিধিরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ডেবরার চাষিরা অভিযোগ করছিলেন যে, সমবায় বা খোলা বাজারে গিয়ে সরকারি দামে সার পাওয়া যাচ্ছে না। কৃত্রিম সংকট তৈরি করে একশ্রেণীর ডিলার ও ব্যবসায়ী নির্দিষ্ট দামের চেয়ে অনেক বেশি টাকা নিচ্ছেন। বিশেষ করে ইউরিয়া ও এনপিকে (NPK) সারের জন্য কৃষকদের পকেটে বাড়তি টান পড়ছিল। এই বিষয়ে বিধায়কের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান ক্ষুব্ধ চাষিরা।

অভিযোগ পেতেই আর দেরি করেননি বিধায়ক। এদিন ব্লক কৃষি আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ডেবরা ব্লকের একাধিক সারের দোকান ও পাইকারি ডিলারের গোডাউনে অভিযান চালান।

অভিযানের মূল নজর ছিল-
১)সারের দরদাম সম্বলিত রেট চার্ট সঠিক জায়গায় টাঙানো রয়েছে কি না।
২) দোকানে ও গোডাউনে কী পরিমাণ সার মজুত রয়েছে এবং খাতায় তার সঠিক হিসাব রয়েছে কি না।
৩) কৃষকদের সার বা কীটনাশক বিক্রির পর সরকারি নিয়ম মেনে ক্যাশ মেমো বা রসিদ দেওয়া হচ্ছে কি না।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক শুভাশীষ ওম বলেন, "চাষিরা আমাদের অন্নদাতা। এই কঠিন সময়ে কোনো অসাধু ব্যবসায়ীকে কৃষকদের রক্ত জল করা উপার্জনে থাবা বসাতে দেওয়া হবে না। কিছু জায়গায় রেট চার্ট ছাড়া সার বিক্রি এবং অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পেয়েছি। কৃষি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্দেশ অমান্য করলে বা কালোবাজারির প্রমাণ মিললে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।"

বিধায়কের এই আচমকা অভিযানে স্বভাবতই ডেবরা ব্লকের অসাধু ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, বিধায়কের এই পদক্ষেপে কিছুটা আশার আলো দেখছেন এলাকার প্রান্তিক কৃষকরা।

কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, কৃষকদের সুবিধার্থে এই ধরণের সারপ্রাইজ ভিজিট বা আচমকা তল্লাশি অভিযান আগামী দিনেও ব্লক জুড়ে অব্যাহত থাকবে।