Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

পটাশপুরে সুস্বাস্থ্য কেন্দ্র স্থানান্তর ঘিরে দুই পক্ষের হাতাহাতি, উত্তেজনা

Editor: The News Express By Editor: The News Express August 10, 2026
পটাশপুরে সুস্বাস্থ্য কেন্দ্র স্থানান্তর ঘিরে দুই পক্ষের হাতাহাতি, উত্তেজনা
পটাশপুর ২ ব্লকের জগতি সুস্বাস্থ্য কেন্দ্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। অভিযোগ, এই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জগতি সুস্বাস্থ্য কেন্দ্রটি জগতি এলাকার গ্রামের ভিতরে রয়েছে। সম্প্রতি সুস্বাস্থ্য কেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগকে ঘিরেই তৈরি হয় বিরোধ।

অভিযোগ, জগতি এলাকায় রাস্তার ধারে নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন তৈরি হয়েছে। সেই ভবনে জগতি এলাকার কয়েকজন গ্রামবাসী এসে তালা লাগিয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, নতুন ভবনটিতে সুস্বাস্থ্য কেন্দ্র চালু করা হলে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পেতে সমস্যায় পড়তে হবে।
এদিকে, নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের এলাকার বাসিন্দারা এসে দাবি করেন, নতুন ভবনটি এখানেই হয়েছে এবং এখানেই সুস্বাস্থ্য কেন্দ্র চালু হওয়া উচিত। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে।

জগতি এলাকার বাসিন্দাদের অভিযোগ, নতুন সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের আশপাশের পরিবেশ স্বাস্থ্যকেন্দ্র চালানোর উপযুক্ত নয়। তাঁদের দাবি, চারপাশে নোংরা-আবর্জনা ও গোবর জমে রয়েছে। এমন পরিবেশে মানুষ চিকিৎসা নিতে এলে সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পটাশপুর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশের উপস্থিতিতেও কিছু সময়ের জন্য ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে।

সুস্বাস্থ্য কেন্দ্রটি শেষ পর্যন্ত কোথায় চালু হবে, স্থানান্তরের সিদ্ধান্তই বা কী হবে—তা নিয়ে এখন প্রশ্ন তৈরি হয়েছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া হোক।