নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
জীবিত ব্যক্তিকে সরকারি নথিতে ‘মৃত’ দেখিয়ে রেশন কার্ড বন্ধের অভিযোগ
By Editor: The News Express August 09, 2026
Share:
সন্দীপ দাস, নামখানা:
জীবিত থাকা সত্ত্বেও সরকারি নথিতে ‘মৃত’ দেখিয়ে রেশন কার্ড ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের বাসিন্দা নকুল গিরির ক্ষেত্রে। অভিযোগ, গত প্রায় তিন মাস ধরে নকুল গিরির নামে রেশন পাচ্ছে না তাঁর পরিবার।
এই ঘটনার কারণ জানতে নকুল গিরির স্ত্রী নীলিমা গিরি নামখানার বিডিও-র কাছে তথ্য জানার অধিকার (আরটিআই) আইনে আবেদন করেছেন। তাঁর প্রশ্ন, কোন নথির ভিত্তিতে জীবিত ব্যক্তিকে মৃত দেখানো হলো এবং কার নির্দেশে রেশন কার্ডটি ব্লক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নকুল গিরি বর্তমানে কর্মসূত্রে বিদেশে রয়েছেন। পরিবারের দাবি, তিনি সম্পূর্ণ সুস্থ ও জীবিত। কিন্তু রেশন সংক্রান্ত তথ্য অনলাইনে যাচাই করতে গিয়ে নীলিমা গিরি দেখতে পান, সরকারি নথিতে তাঁর স্বামীকে মৃত হিসেবে দেখানো হয়েছে। সেই কারণেই রেশন কার্ডটি ব্লক হয়ে রয়েছে বলে অভিযোগ।
পরিবারের দাবি, বিষয়টি নিয়ে রেশন ডিলার থেকে ব্লক খাদ্য দফতর পর্যন্ত একাধিকবার যোগাযোগ করা হলেও এখনও সমস্যার সমাধান হয়নি। ঘটনার সত্যতা প্রমাণ করতে বিদেশে থাকা নকুল গিরি একটি ভিডিও বার্তায় নিজেকে জীবিত বলে জানিয়েছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশী যমুনা নিয়োগী ও শম্ভু দলপতির প্রশ্ন, কীভাবে সরকারি নথিতে নকুল গিরিকে মৃত দেখানো হলো এবং এর পিছনে কারও গাফিলতি রয়েছে কি না। নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে স্থানীয় মহলে।
আরটিআই আবেদনে নীলিমা গিরি জানতে চেয়েছেন, কোন নথি বা তথ্যের ভিত্তিতে তাঁর স্বামীকে মৃত দেখানো হয়েছে, সেই নথির অনুলিপি এবং রেশন কার্ড ব্লক করার সম্পূর্ণ প্রক্রিয়ার বিস্তারিত তথ্য।
ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা কালাচাঁদ ভূঞ্যাঁ। তিনি বলেন, “একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে তাঁর পরিবারের রেশন বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনাটি তৃণমূল কংগ্রেসের শাসনকালে, ভোটের প্রাক্কালে ঘটেছে। নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা উচিত।”
তবে নকুল গিরিকে সরকারি নথিতে ‘মৃত’ দেখানোর কারণ এবং কোন প্রক্রিয়ায় তাঁর রেশন কার্ড ব্লক করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গিরি পরিবারের আশা, আরটিআইয়ের জবাব মিললেই এই ঘটনার প্রকৃত তথ্য সামনে আসবে।