নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
পথ নিরাপত্তা সপ্তাহে ঝাড়গ্রামে পুলিশের উদ্যোগ, হেলমেট পরলে মিষ্টি-গোলাপ, না পরলে জরিমানা ও হেলমেট
By Editor: The News Express August 09, 2026
Share:
ঝাড়গ্রাম: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে শনিবার শহরের পাঁচমাথা মোড়ে নেওয়া হল বিশেষ সচেতনতামূলক কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তরের উদ্যোগে ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন পথচলতি বাইক আরোহীদের মধ্যে হেলমেট ব্যবহারের সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নেয় ঝাড়গ্রাম জেলা পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার মানব সিংলা, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, অতিরিক্ত পুলিশ সুপার ফয়জল রাজা, ট্রাফিক ডিএসপি আমির সোহেল-সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।
এদিন পাঁচমাথা মোড়ে পথচলতি বাইক আরোহীদের থামিয়ে হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। যাঁরা হেলমেট পরে বাইক চালাচ্ছিলেন, তাঁদের উৎসাহ দিতে পুলিশের পক্ষ থেকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি হাতে তুলে দেওয়া হয় গোলাপ ফুল। ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য তাঁদের ধন্যবাদ জানানো হয়।
অন্যদিকে, যাঁরা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন, তাঁদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী প্রসিকিউশন করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যাতে তাঁরা হেলমেট ছাড়া রাস্তায় না বেরোন, সেই বার্তা দিয়ে পুলিশের পক্ষ থেকে তাঁদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।
জেলা পুলিশ সুপার মানব সিংলা বলেন, পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। বাইক চালানোর সময় প্রত্যেকেরই হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক। হেলমেট ব্যবহারকারী চালকদের উৎসাহিত করার পাশাপাশি যাঁরা নিয়ম মানছেন না, তাঁদের আইন মেনে সচেতন করা হচ্ছে।
পুলিশের এই অভিনব উদ্যোগে পথচলতি বাইক আরোহীদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা যায়। একদিকে হেলমেট পরা চালকদের মিষ্টি ও গোলাপ দিয়ে উৎসাহিত করা, অন্যদিকে হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হেলমেট তুলে দেওয়ার মাধ্যমে সচেতনতার বার্তা দেওয়া হয়।
দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলা এবং প্রতিটি বাইক আরোহীকে হেলমেট ব্যবহারে অভ্যস্ত করে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে জানিয়েছে ঝাড়গ্রাম জেলা পুলিশ।