Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

সাংবাদিক থেকে রেল অফিসার! চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণা, দেউলিয়া-মেচগ্রামে অফিস গুটিয়ে চম্পট অভিযুক্ত

Editor: The News Express By Editor: The News Express August 06, 2026
সাংবাদিক থেকে রেল অফিসার! চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা প্রতারণা, দেউলিয়া-মেচগ্রামে অফিস গুটিয়ে চম্পট অভিযুক্ত
কখনো ডিজিটাল সংবাদমাধ্যমের সাংবাদিক, কখনো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) সিইও, আবার কখনো ব্যাংকের শীর্ষ আধিকারিক! ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে সরকারি ও বেসরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রায় ৩০ লক্ষ টাকা হাতানোর মারাত্মক অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে মিলছে প্রাণনাশের হুমকি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলায়।
পুলিশসূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম বুবাই দাস। তাঁর বিরুদ্ধে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মাসুমা বেগম। কেবল থানাতেই নয়, গত বুধবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে আয়োজিত ‘জনতার দরবার’ কর্মসূচিতে উপস্থিত হয়ে জেলা সভাধিপতি বামদেব গুছাইতের কাছেও লিখিত অভিযোগ জমা দেন তিনি।

অভিযোগকারিণী মাসুমা বেগমের দাবি, কয়েক মাস আগে তাঁর স্বামীর সূত্রে বুবাই দাসের সঙ্গে পরিচয় হয়। নিজেকে প্রভাবশালী সরকারি আধিকারিক দাবি করে অভিযুক্ত যুবক বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার আশ্বাস দেয়। তাঁর ফাঁদে পা দিয়ে মাসুমা বেগম ও তাঁর পরিচিত একাধিক ব্যক্তি নগদ এবং 'ফোন-পে'-র মাধ্যমে প্রায় ৩০ লক্ষ টাকা বুবাইয়ের হাতে তুলে দেন।

কিন্তু দিনের পর দিন পেরিয়ে গেলেও কারো চাকরি হয়নি। বাধ্য হয়ে টাকা ফেরত চাইতে গেলে বুবাই নানা বাহানা করতে থাকে এবং একপর্যায়ে মারাত্মক হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতারণার কারবার চালাতে বুবাই দাস কোলাঘাট থানার দেউলিয়া এবং পাঁশকুড়া থানার মেচগ্রামে দুটি অস্থায়ী অফিস খুলে বসেছিলেন। তবে প্রতারণার বিষয়টি জানাজানি হতেই সম্প্রতি দুটি অফিসই রাতারাতি বন্ধ করে চম্পট দিয়েছেন তিনি। অভিযুক্তের মোবাইল নম্বরটিতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ।

জনতার দরবারে অভিযোগকারিণীর কথা শোনার পর ও নথিপত্র খতিয়ে দেখে জেলা সভাধিপতি বামদেব গুছাইত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নেন। তিনি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের জন্য পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

ভগবানপুর থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জেলা প্রশাসনের আশ্বাস, তদন্তের মাধ্যমেই খুব দ্রুত এই ঘটনার নেপথ্যে থাকা আসল সত্য প্রকাশ্যে আনা হবে।