Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

পরিবেশ রক্ষা ও আধুনিক পরিকাঠামোয় জোর: পুরুলিয়ায় আয়োজিত হলো 'ট্যুরিজম স্টেকহোল্ডার্স কনক্লেভ'

Editor: The News Express By Editor: The News Express August 05, 2026
পরিবেশ রক্ষা ও আধুনিক পরিকাঠামোয় জোর: পুরুলিয়ায় আয়োজিত হলো 'ট্যুরিজম স্টেকহোল্ডার্স কনক্লেভ'
রূপসী পুরুলিয়ার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটন শিল্পকে আরও জোরদার করতে অনুষ্ঠিত হয়ে গেল 'পুরুলিয়া ট্যুরিজম স্টেকহোল্ডার্স কনক্লেভ'। মঙ্গলবার অযোধ্যা পাহাড়ের পাদদেশে বলরামপুরের 'সোনার বাংলা রিসর্টে' আয়োজিত এই সম্মেলনে জেলার হোটেল, হোমস্টে, রিসর্ট মালিক, ট্যুর অপারেটর ও হস্তশিল্পীদের মতো পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত মানুষেরা অংশ নেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পর্যটন প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, প্রতিমন্ত্রী নদীয়া চাঁদ বাউরি, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বরুন কুমার রায়, বিধায়ক জলধর মাহাতো, বিশ্বজিৎ মাহাতো, রুহিদাস মাহাতো সহ জেলা শাসক, পুলিশ সুপার ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

পরিবেশের ক্ষতি করে কোনো পর্যটন বিকাশ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন পর্যটন মন্ত্রী। বন বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে ওঠা হোটেল বা রিসর্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বার্তা দেওয়ার পাশাপাশি টেকসই পর্যটনের ওপর জোর দেওয়া হয়।

পুরুলিয়াকে কেবল পাহাড়-জঙ্গলেই সীমাবদ্ধ না রেখে পর্যটকদের টানতে রোপওয়ে, ইকো পার্ক, বোটিং এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে হোমস্টে ও হোটেলের পরিষেবা মানোন্নয়নে পৃথক নীতি তৈরির কথা জানান প্রতিমন্ত্রী। পরিকাঠামো উন্নয়নে পিপিপি (PPP) মডেলে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানানো হয়।

পর্যটকদের যাত্রা নিরাপদ ও সহজ করতে একটি বিশেষ মোবাইল অ্যাপ তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে হোটেল, পরিবহন, দর্শনীয় স্থান ও গাইডের তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে।
সম্মেলনে ব্যবসায়ী ও উপস্থিত প্রতিনিধিরা তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। সরকার ও প্রশাসনের যৌথ উদ্যোগে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও আধুনিক পরিকাঠামো গড়ে তুলে পুরুলিয়াকে দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়।