Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চন্দ্রকোনা রোডের বাজারে পুলিশ সুপার পাপিয়া সুলতানার নেতৃত্বে আকস্মিক অভিযান।

Editor: The News Express By Editor: The News Express August 02, 2026
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চন্দ্রকোনা রোডের বাজারে পুলিশ সুপার পাপিয়া সুলতানার নেতৃত্বে আকস্মিক অভিযান।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সম্ভাব্য কালোবাজারি রুখতে কড়া অবস্থান নিল জেলা প্রশাসন। রবিবার মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের হাটচালি বাজারে এক আকস্মিক পরিদর্শনে নামেন প্রশাসনিক কর্তারা। অভিযানের নেতৃত্বে ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন সকাল প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ বিশাল পুলিশ ও প্রশাসনিক টাস্ক ফোর্সের প্রতিনিধিদল হাটচালি বাজারে পৌঁছায়। পুলিশ সুপারের পাশাপাশি এই অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা সহ স্থানীয় বিডিও, ওসি, আইসি এবং প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।

অভিযানের শুরুতেই প্রশাসনিক প্রতিনিধি দলটি সবজি বাজারে প্রবেশ করে। সেখানে বিভিন্ন সবজির বর্তমান বাজারদর সম্পর্কে ব্যবসায়ীদের কাছে খোঁজখবর নেওয়া হয়। এর পাশাপাশি বাজারে আসা সাধারণ ক্রেতাদের মতামতও শোনেন আধিকারিকেরা।
পরিদর্শনকালে কয়েকজন ক্রেতা মাছের চড়া দাম নিয়ে সরাসরি অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার নিজে মাছ বাজারে যান এবং বিভিন্ন প্রজাতির মাছের দাম ও মূল্যবৃদ্ধির কারণ জানতে ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

হঠাৎ করে বাজারে প্রশাসনিক কর্তাদের এমন উপস্থিতিতে শুরুতে কিছুক্ষণের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও, সাধারণ ক্রেতারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, বাজারে যাতে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত দাম না নেওয়া হয় এবং কালোবাজারি রোখা যায়, তার জন্য আগামী দিনেও এমন নজরদারি অভিযান অব্যাহত থাকবে।

বাজার পরিদর্শন পর্ব শেষ করে পুলিশ সুপার এবং প্রতিনিধিদল গড়বেতার বিখ্যাত সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন।