Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে গোপীবল্লভপুর বাজারের সবজি দোকানে পুলিশের অভিযান

Editor: The News Express By Editor: The News Express August 02, 2026
কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে গোপীবল্লভপুর বাজারের সবজি দোকানে পুলিশের অভিযান
নিত্যপ্রয়োজনীয় শাকসবজির লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে যখন সাধারণ মানুষের সংসারের বাজেট ভেঙে পড়েছে, তখন কালোবাজারি, অতিরিক্ত মুনাফা এবং কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কড়া অবস্থান নিল প্রশাসন। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বাজারে ন্যায্য মূল্যে শাকসবজি বিক্রি নিশ্চিত করতে রবিবার সকালে গোপীবল্লভপুর বাজারে গোপীবল্লভপুর থানার পুলিশ, ব্লক প্রশাসন ও কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে ব্যাপক নজরদারি ও পরিদর্শন অভিযান চালানো হয়। আচমকা এই অভিযানে বাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতিতে অনেক ব্যবসায়ী দোকানের নথিপত্র ও মূল্যতালিকা গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন। প্রধান সবজি বাজারের পাশাপাশি পাইকারি ও খুচরো বাজারেও একযোগে অভিযান চালান আধিকারিকরা। বিভিন্ন দোকানে গিয়ে শাকসবজির বিক্রয়মূল্য, মজুতের পরিমাণ, সরবরাহ ব্যবস্থা, মূল্যতালিকা এবং ওজনের মান খতিয়ে দেখা হয়। সরকার নির্ধারিত বা ন্যায্য মূল্যে শাকসবজি বিক্রি হচ্ছে কি না, তা সরেজমিনে পরীক্ষা করা হয়। একই সঙ্গে অতিরিক্ত লাভের আশায় কেউ আনাজ মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন কি না, সে বিষয়েও কড়া নজরদারি চালানো হয়।অভিযান চলাকালীন ক্রেতাদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগও শোনা হয়। ওজনে কারচুপি, অতিরিক্ত দাম আদায় কিংবা বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজারে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়াই এই অভিযানের মূল লক্ষ্য বলে প্রশাসন সূত্রে জানা যায়। ঝাড়গ্রাম জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এ ধরনের সারপ্রাইজ পরিদর্শন আগামী দিনেও নিয়মিত চলবে। শুধু গোপীবল্লভপুর বাজার নয়, প্রয়োজনে জেলার অন্যান্য বাজারেও পুলিশের সিভিল পোশাকের বিশেষ টিম নজরদারি চালাবে। কালোবাজারি, অযৌক্তিক মূল্যবৃদ্ধি এবং ওজনে প্রতারণার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান আরও জোরদার করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিং, গোপীবল্লভপুর–১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সুশান্ত কুন্ডু, কৃষি দপ্তরের আধিকারিক সম সৎপতি সহ অন্যান্যরা, নয়াগ্রাম ৩ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি স্বপন রথ, নয়াগ্রাম ৪ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি ভাস্কর মণ্ডলসহ অন্যান্যরা। প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বাজারে আসা বহু সাধারণ ক্রেতা। তাঁদের বক্তব্য, নিয়মিত এ ধরনের অভিযান চললে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে, বাজারে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষ ন্যায্য দামে শাকসবজি কিনতে পারবেন। প্রশাসনের এই কড়া নজরদারিতে বাজারে শৃঙ্খলা ফিরবে বলেও আশাবাদী স্থানীয় বাসিন্দারা।