সুমন মন্ডল, চন্দ্রকোনা:
ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ৪২ হাজার টাকার লটারির টিকিট ফিরিয়ে দিয়ে নজির গড়লো।
ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ার আশীষ ঘোষের মানবিকতার পরিচয় মিলল এক বিরল ঘটনায়। রবিবার ডিউটি শেষ করে বিকেলে ডিঙ্গালে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে হলাঘাট–ডিঙ্গাল রাস্তায় একটি প্যাকেট পড়ে থাকতে দেখেন তিনি। প্যাকেটটি তুলে দেখে জানতে পারেন, সেটিতে প্রায় ৪২ হাজার টাকা মূল্যের ১ জুলাইয়ের বৈধ লটারির টিকিট রয়েছে।
টিকিটগুলির প্রকৃত মালিককে খুঁজে বের করতে আশীষ ঘোষ স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে যোগাযোগ করেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার করা হলে দ্রুত টিকিটের মালিকের সন্ধান মেলে।
জানা যায়, কালিকাপুর এলাকার টিকিট বিক্রেতা দেবাশীষ ঘোষ মহারাজপুরের এক বিক্রেতার কাছে টিকিটগুলি পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে অসাবধানতাবশত টিকিটভর্তি একটি প্যাকেট রাস্তায় পড়ে যায়। সেই প্যাকেটই কুড়িয়ে পান ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ার আশীষ ঘোষ।
ঘাটালের রঘুনাথপুরের বাসিন্দা আশীষ ঘোষ টিকিটগুলির প্রকৃত মালিকের হাতে সেগুলি তুলে দেন। তিনি বলেন, "টিকিটের আসল মালিককে তাঁর জিনিস ফিরিয়ে দিতে পেরে আমি খুবই আনন্দিত। মানুষের উপকার করতে পারাই সবচেয়ে বড় তৃপ্তি।"
আশীষ ঘোষের এই সততা ও মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে। তাঁর এই কাজ সমাজের কাছে এক ইতিবাচক বার্তা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে।