দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত মিশন’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার পিংলার ৫ নম্বর মালিগ্রাম অঞ্চল বিজেপির পক্ষ থেকে এই সামাজিক উদ্যোগ নেওয়া হয়।
এদিন সকাল থেকেই মালিগ্রাম এলাকার গ্রাম পঞ্চায়েত অফিস এবং বাজার এলাকায় জোরকদমে সাফাই অভিযান শুরু করেন স্থানীয় বিজেপি কার্যকর্তারা। হাতে ঝাড়ু নিয়ে রাস্তার চারপাশ ও বাজারের বিভিন্ন অপরিষ্কার জায়গা তাঁরা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। শুধু আবর্জনা সাফাই-ই নয়, বর্ষার মরসুমে মশা ও জীবাণুর উপদ্রব রুখতে পরিষ্কার করা জায়গাগুলোতে ফিনাইল এবং ব্লিচিং পাউডারও ছড়ানো হয়।
বিজেপি কার্যকর্তাদের কথায়, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে নির্মল ও পরিচ্ছন্ন রাখার জন্য ‘স্বচ্ছ ভারত’-এর ডাক দিয়েছেন। আমরা তাঁর সেই স্বপ্ন ও কর্মসূচিকে সার্থক করতেই আজ এই উদ্যোগ নিয়েছি। তবে শুধু একদিনের পরিষ্কার নয়, আমরা এলাকার সাধারণ মানুষের কাছেও অনুরোধ জানাচ্ছি, তাঁরা যেন প্রতিদিন নিজেদের চারপাশ পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখেন।"
এদিনের এই কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব ছাড়াও বহু কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। গেরুয়া শিবিরের এই সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ব্যবসায়ী ও সাধারণ বাসিন্দারাও।