রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
ঘাটাল পোরসভায় মর্মান্তিক দুর্ঘটনা: বন্যার জলে তলিয়ে ৩ বছরের শিশুর মৃত্যু, পরিবারের পাশে বিধায়ক ও পুলিশ সুপার
By By The News Express October 01, 2026
Share:
বন্যা পরিস্থিতিতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বন্যার জলে তলিয়ে প্রাণ গেল মাত্র ৩ বছরের এক শিশুকন্যার। এই বেদনাদায়ক ঘটনায় ঘাটাল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সূত্রের খবর, রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা রামকৃষ্ণ চৌধুরীর দুই সন্তান বাড়ির কাছেই খেলছিল। খেলার ছলে অসাবধানতাবশত হঠাৎই দু’জনে বাড়ির পাশে থাকা বন্যার জলে পড়ে যায়। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামেন। ছেলেটিকে তড়িঘড়ি জল থেকে উদ্ধার করা সম্ভব হলেও, শিশুকন্যাটি জলের তোড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়।
বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর অবশেষে জল থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করে দ্রুত ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অবোধ শিশুটির এমন অকালমৃত্যুতে পরিবারে কান্নার রোল উঠেছে।
দুর্ঘটনার খবর পেয়েই শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং ঘাটালের বিধায়ক শীতল কপাট। তাঁরা ঘটনাস্থলে পৌঁছে মৃত শিশুর স্বজনদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেন। বন্যা পরিস্থিতির মধ্যে এই দুর্ঘটনা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।