Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

১৬ বছর ধরে স্বামীর ফেরার প্রতীক্ষায় বেলপাহাড়ির মীরা, হাতে আজও প্রহ্লাদের ছবি

By The News Express By By The News Express September 27, 2026
১৬ বছর ধরে স্বামীর ফেরার প্রতীক্ষায় বেলপাহাড়ির মীরা, হাতে আজও প্রহ্লাদের ছবি
সময় ও পারিপার্শ্বিক পরিস্থিতি বদলে গেলেও বেলপাহাড়ির টংভেদা গ্রামের গৃহবধূ মীরা মণ্ডলের জীবনের ঘড়িটা যেন আটকে রয়েছে ২০১০ সালের একটি দিনে। কপালে আজও সিঁদুর, হাতে স্বামীর ছবি—যদি কোনও একদিন দরজায় দাঁড়িয়ে প্রহ্লাদ বলেন—“আমি ফিরে এসেছি!”—এই একটাই আশার সুতোয় বাঁধা তাঁর দীর্ঘ ১৬ বছরের লড়াই।

২০১০ সালের ১৩ আগস্ট। ঠিকাদারি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন প্রহ্লাদ মণ্ডল। তারপর থেকেই তিনি নিখোঁজ। সেই সময় জঙ্গলমহল ছিল চরম অশান্ত। মাওবাদী আন্দোলনের উত্তাপে বেলপাহাড়ি-সহ বিস্তীর্ণ এলাকায় প্রায়ই সংঘর্ষ, বিস্ফোরণ এবং রাস্তা কাটার মতো ঘটনা ঘটত। পরিবারের দাবি, সেই উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ হন প্রহ্লাদ।
প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি খোঁজ
স্বামীকে ফিরে পেতে বছরের পর বছর প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন মীরা। থানায় লিখিত অভিযোগ থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরে আবেদন—কোথাও বাদ রাখেননি। কিন্তু দীর্ঘ ১৬ বছর পেরিয়ে গেলেও প্রহ্লাদের সন্ধান মেলেনি।

পরিবারের কাছে প্রহ্লাদ এখনও মৃত নন, কেবল নিখোঁজ। তাই আজও শাঁখা-সিঁদুর পরে স্বামীর ফেরার অপেক্ষায় দিন কাটান মীরা। তবে দীর্ঘ এই প্রহর গোনার মাঝে তাঁর একটাই দাবি জোরালো হয়েছে, যদি প্রহ্লাদ বেঁচে থাকেন, তবে তাঁকে দ্রুত খুঁজে বের করা হোক। আর যদি তাঁর ফেরার কোনো সম্ভাবনা না থাকে, তবে আইনি তদন্তের মাধ্যমে তাঁর পরিণতির একটি সরকারি স্বীকৃতি দেওয়া হোক।

১৬ বছর ধরে একটি পরিবার শুধু একজন মানুষকে নয়, একটি নিশ্চিত উত্তরের খোঁজ করে চলেছে। হাতে স্বামীর ছবি আর কপালে সিঁদুর নিয়ে মীরার অপেক্ষা আজও ফুরোয়নি।