Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক ঘটনা! পিড়াকাটায় একই সঙ্গে মৃত্যু দুই শাবক-সহ তিন হাতির

By The News Express By By The News Express September 27, 2026
পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক ঘটনা! পিড়াকাটায় একই সঙ্গে মৃত্যু দুই শাবক-সহ তিন হাতির
পশ্চিম মেদিনীপুর জেলায় ফের মর্মান্তিক হাতি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে হাড়তড়া এলাকার একটি ধানজমি থেকে দুটি শাবক এবং একটি পূর্ণবয়স্ক— মোট তিনটি হাতির নিথর দেহ উদ্ধার করা হয়। একসঙ্গে তিনটি হাতির মৃত্যুর খবরে গোটা জঙ্গলমহলে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।

বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিড়াকাটা রেঞ্জের রঞ্জা বিটের হাড়তড়া এলাকায়। রবিবার ভোরে স্থানীয় বাসিন্দারা ধানজমিতে হাতিগুলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে কৌতূহলী ও শোকাহত মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বনদপ্তরের কর্মীরা।

ঠিক কী কারণে একসঙ্গে তিনটি হাতির মৃত্যু হয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করেনি বনদপ্তর। তবে স্থানীয় বাসিন্দাদের জোরালো অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতিগুলির মৃত্যু হয়ে থাকতে পারে।
যে ধানজমিতে হাতিগুলিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, তার উপর দিয়েই ঝুলন্ত অবস্থায় বিদ্যুতের তার দেখা গিয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, কৃষিকাজে পাম্প চালানোর জন্য ওই জমির উপর দিয়ে বৈদ্যুতিক তার নিয়ে যাওয়া হয়েছিল। সেই তারে বিদ্যুৎ সংযোগের ফলেই এই দুর্ঘটনা কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

জঙ্গলমহলে অতীতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতি মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। ফলে এবারও একই কারণে মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

পিড়াকাটা রেঞ্জের এক বনকর্তা জানিয়েছেন, "ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই হাতিগুলির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।" ইতিমধ্যে মৃত হাতিগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একসঙ্গে তিনটি হাতির এমন আকস্মিক মৃত্যুতে বন্যপ্রাণপ্রেমী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও মন খারাপের আবহ তৈরি হয়েছে।