বিজেপির নতুন জেলা সভাপতির নাম ঘোষণা কেন্দ্র করে আদি ও নব্য কোন্দলে চরম উত্তেজনা ছড়াল মেদিনীপুরে। কোতোয়ালি থানার অন্তর্গত হাতিহলকা এলাকায় শনিবার ভোরে দুপক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বিজেপি কর্মীর। এই ঘটনায় গুরুতর জখম হয়ে আরও বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষের জেরে গোটা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, শুক্রবার বিজেপির নবনিযুক্ত জেলা সভাপতির নাম ঘোষণা হওয়ার পর হাতিহলকা এলাকায় একটি মিছিল বের করে আদি বিজেপির কয়েকজন কর্মী। সেই মিছিল থেকেই নব্য বিজেপির সদস্যদের সঙ্গে বচসা শুরু হয়। প্রাথমিকভাবে স্থানীয় ও জেলা নেতাদের হস্তক্ষেপে বিষয়টি সাময়িক মিটে গেলেও অন্তর্ঘাতের আশঙ্কা থেকেই গিয়েছিল।
অভিযোগ, শনিবার ভোরে আদি বিজেপি কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। টাঙ্গি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন বেশ কয়েকজন আদি বিজেপি কর্মী। দ্রুত তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শামসের বিশ্বাস নামের এক কর্মীকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিন বিজেপি কর্মী। শনিবার সকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। লাঠি ও টাঙ্গি হাতে দুই পক্ষকে ফের সংঘর্ষে জড়াতে দেখা যায়। এই মারধরের একাধিক সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির একাংশের অভ্যন্তরীণ কোন্দলের কথা প্রকাশ্যে এলেও দলীয় নেতৃত্বের দাবি, এটি সাধারণ কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব নয়, বরং পরিকল্পিতভাবে দুষ্কৃতীদের আক্রোশেই খুন হয়েছেন তাদের কর্মী। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।