Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

বেহাল রাস্তা! দড়ির খাটিয়ায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য নারায়ণগড়ে

By The News Express By By The News Express September 26, 2026
বেহাল রাস্তা! দড়ির খাটিয়ায় অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য নারায়ণগড়ে
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের সোগুড়িয়া গ্রামে বেহাল রাস্তার কারণে এক অসুস্থ মহিলাকে দড়ির খাটিয়ায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। এই অমানবিক পরিস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জরুরি পরিস্থিতিতেও অ্যাম্বুলেন্স গ্রামে প্রবেশ করতে না পারায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোগুড়িয়া গ্রামের প্রায় ৬০০ থেকে ৭০০ মিটার রাস্তা দীর্ঘ দিন ধরে অত্যন্ত বেহাল ও চলাচলের অযোগ্য অবস্থায় পড়ে রয়েছে। বর্ষায় কাদা-জল এবং শুষ্ক সময়ে বড় বড় খানাখন্দে ভরে থাকা এই রাস্তায় অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনও গাড়ি ঢুকতে পারে না। এর ফলে এলাকার কোনো প্রবীণ বা অসুস্থ ব্যক্তিকে জরুরি চিকিৎসার প্রয়োজনে মূল রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হলে বাধ্য হয়ে দড়ির খাটিয়ায় চাপিয়ে বয়ে নিয়ে যেতে হয়। দীর্ঘদিন ধরে এই যন্ত্রণার শিকার হলেও প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই সরব হয়েছেন নারায়ণগড়ের বিজেপি বিধায়ক রমাপ্রসাদ গিরি। কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে তৃনমূল ক্ষমতায় থাকা সত্ত্বেও ওই এলাকার রাস্তার কোনও স্থায়ী উন্নয়ন হয়নি। বিধায়কের কটাক্ষ, "১৫ বছর এবং তার আগে ৩৪ বছরেও যে উন্নয়ন হয়নি, এই রাস্তার বর্তমান পরিস্থিতিই তার প্রমাণ।"

পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির বাড়ির কাছাকাছি এলাকা হওয়া সত্ত্বেও কেন এত বছর ধরে রাস্তাটি সংস্কার করা হলো না, সেই প্রশ্নও তোলেন তিনি। সাধারণ মানুষের যাতায়াতের চরম দুর্দশা ঘোচাতে দ্রুত এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে দাবি করেন বিধায়ক রমাপ্রসাদ গিরী।

স্থানীয়দের দীর্ঘদিনের এই দুর্ভোগের কথা স্বীকার করে নারায়ণগড়ের বিধায়ক রমা গিরী দ্রুত রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে কবে নাগাদ এই বেহাল রাস্তার স্থায়ী সমাধান হবে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সোগুড়িয়া গ্রামের সাধারণ মানুষ।