ছাতিনাশোলে মহকুমা শাসক বা SDO অফিস নির্মাণের দাবিতে সোমবার থেকে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। এই দাবিকে সামনে রেখে সোমবার সকাল থেকে নয়াগ্রাম ব্লক উন্নয়ন আধিকারিক বা BDO অফিস অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করে বিক্ষোভ দেখাল 'ভারত জাকাত মাঝি পরগনা মহল।
ছাতিনাশোলে SDO অফিস নির্মাণের দীর্ঘদিনের দাবি পূরণ না হওয়ায় এই চরম পদক্ষেপ। সোমবার সকাল থেকেই সংগঠনের হাজারো কর্মী-সমর্থক নয়াগ্রাম BDO অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রশাসনের তরফে যতদিন না পর্যন্ত লিখিত আশ্বাস মিলছে, ততদিন এই ঘেরাও আন্দোলন চলবে।
হঠাৎ এই ঘেরাও অভিযানের জেরে BDO অফিস চত্বরে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। সরকারি দপ্তরের স্বাভাবিক কাজকর্মও কার্যত থমকে যায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আন্দোলনকারীরা তাঁদের দাবিতে অনড় রয়েছেন এবং পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভ চলছে।