রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
গুগল ম্যাপের ভরসায় চরম বিপত্তি! পাণ্ডবেশ্বরে ৩০ ফুট গভীর খনির খাদে পড়ল বাইক, আশঙ্কাজনক চালক
By By The News Express September 19, 2026
Share:
পাণ্ডবেশ্বর:
গুগল ম্যাপ দেখে অজানা পথ খুঁজতে গিয়ে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। রাতের অন্ধকারে বাইক সমেত প্রায় ৩০ ফুট গভীর খোলা মুখ খনির খাদে পড়ে গুরুতর আহত হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তিনি বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানা এলাকার মহালক্ষ্মী খনি চত্বরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত বাইক চালকের নাম প্রসূন ব্যানার্জি। তিনি কাঁকসার বসুধা এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কেবল অপারেটর। শুক্রবার রাতে কেবিলের কাজের জন্য পাণ্ডবেশ্বরের একটি গ্রামের দিকে যাচ্ছিলেন তিনি। অচেনা রাস্তা হওয়ায় পথ চিনতে মোবাইলে গুগল ম্যাপের সহায়তা নেন তিনি।
পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী এলাকায় বর্তমানে খোলা মুখ খনির কাজ চলার কারণে বেশ কিছু পুরনো পিচ রাস্তা খনির আওতায় চলে এসেছে। গুগল ম্যাপ অনুসরণ করে প্রসূনবাবু একটি পিচ রাস্তা ধরে এগোনোর সময় রাতের অন্ধকারে আচমকাই রাস্তার মাঝের গর্তে পড়ে যান। বাইক নিয়ে প্রায় ৩০ ফুট গভীর খনিতে তলিয়ে যান তিনি।
রাতে প্রসূনবাবু বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবারের লোকজন তাঁকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। আহত প্রসূনবাবুর দাদা সুব্রত ব্যানার্জি জানান, ফোনে বারবার কথা বললেও তিনি সঠিক অবস্থান বলতে পারছিলেন না—কখনও অজয় নদীর পার, তো কখনও দুর্গাপুর বা অন্য জায়গার কথা বলছিলেন। পরবর্তীতে জিও-ট্যাগিং (Geo-tagging) প্রযুক্তির মাধ্যমে প্রসূনবাবুর ফোনের লোকেশন ট্র্যাক করতে সক্ষম হন পরিবারের সদস্যরা।
শনিবার সকালে পাণ্ডবেশ্বরের মহালক্ষ্মী খনির একটি বিশাল গর্তে প্রসূনবাবু ও তাঁর বাইকটির খোঁজ মেলে। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন খনি আধিকারিকগণ, স্থানীয় প্রশাসন ও এলাকার বাসিন্দারা। খনির একটি পোকলেইন (Poclain) মেশিনের সাহায্যে গর্তের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় প্রসূনবাবু ও তাঁর বাইকটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই প্রসূনবাবুকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।