রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
নন্দীগ্রাম উপনির্বাচন: পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত
By By The News Express September 19, 2026
Share:
হলদিয়া:
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড়সড় আইনি ধাক্কা খেও কংগ্রেস শিবির। ২০০৭ সালের একাধিক পুরনো মামলায় গ্রেফতার করা কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শনিবার হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, মিলন প্রধানের বিরুদ্ধে নন্দীগ্রাম ও খেজুরি থানায় চারটি অমীমাংসিত জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ছিল। তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, প্রমাণ লোপাট, দাঙ্গা বাধানো এবং অস্ত্র আইনের মতো গুরুতর ধারায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপন করে ছিলেন বলেও দাবি পুলিশের।
অন্যদিকে, প্রার্থীর গ্রেফতারির সময় নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুলিশকে ব্যবহার করে তাঁদের প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। মিলন প্রধানকে চাপ দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করানোর চক্রান্ত করা হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে প্রার্থীপদ প্রত্যাহারের সময়সীমা সংক্রান্ত নিয়মাবলী নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস নেতৃত্ব।
পুলিশ অবশ্য রাজনৈতিক চক্রান্তের অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, আদালতের পুরনো জামিন-অযোগ্য পরোয়ানার ভিত্তিতেই এই গ্রেফতারি সম্পন্ন হয়েছে এবং এর সঙ্গে আসন্ন উপনির্বাচনের কোনও প্রত্যক্ষ যোগ নেই।
প্রার্থী কারাবন্দি হলেও নির্বাচনী লড়াই থেকে পিছিয়ে আসার প্রশ্ন নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কংগ্রেস। দল জানিয়েছে, আদালত ও রাজপথ—দুই ময়দানেই আইনি ও রাজনৈতিকভাবে এই লড়াই চালানো হবে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে ভোটগ্রহণ, তার আগেই প্রার্থীকে ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে।