অবৈধ বালী পাচারের অভিযোগে বালী বোঝাই লরি আটকে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা। সোমবার ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কাঁকসার পানাগড় সেনা ছাউনির এক নম্বর গেটের কাছে, ২ নম্বর জাতীয় সড়কে।
স্থানীয় ও বিজেপি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই এলাকা দিয়ে অবৈধভাবে বালী পাচার করা হচ্ছিল। এদিন বালী বোঝাই বেশ কিছু লরি যাওয়ার সময় সেগুলিকে আটকে দেন বিজেপির কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, পাচার হওয়া বালী বোঝাই লরিগুলির নম্বর প্লেট কাপড় দিয়ে ঢাকা ছিল। শুধু তাই নয়, চালকদের কাছ থেকে যে চালান পাওয়া গেছে, তাতেও ব্যাপক অসংগতি রয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে পানাগড় সেনা ছাউনির সামনে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ লরিগুলিকে আটক করে। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শেখ রাজু নামে এক বালী কারবারিকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
বিজেপি নেতৃত্বের দাবি, প্রশাসনের নজর এড়িয়ে বা যোগসাজশেই দীর্ঘদিন ধরে এই অবৈধ বালীর কারবার চলছে। নম্বর প্লেট ঢেকে বালী পাচারের পেছনে বড় কোনো চক্র রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং চালানের অসংগতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।