আজ ২৮ শে জুন দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় পালস পোলিও টিকাদান কর্মসূচি। এই উপলক্ষে পিংলা গ্রামীণ হাসপাতালেও আয়োজন করা হয়েছিল বিশেষ পোলিও টিকাকরণ শিবিরের। আর এই কর্মসূচিতে উপস্থিত হয়ে শিশুদের নিজ হাতে পোলিও খাওয়ালেন পিংলার বিধায়িকা স্বাগতা মান্না।
এদিন হাসপাতাল চত্বরে এসে বিধায়িকা কেবল শিশুদের পোলিও-ই খাওয়াননি, বরং উপস্থিত সমস্ত অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আবেদন জানান, "শূন্য থেকে ৫ বছর বয়সী সমস্ত শিশুকে যেন অবশ্যই এই পোলিও ড্রপ খাওয়ানো হয়। একটি শিশুও যেন এই জীবনদায়ী প্রতিষেধক থেকে বাদ না পড়ে।" দেশের ভবিষ্যৎকে পোলিওমুক্ত ও সুস্থ-সবল রাখতে সব স্তরের মানুষকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি।
পোলিও কর্মসূচির পাশাপাশি এদিন মানবিক রূপেও দেখা গেল বিধায়িকাকে। তিনি পিংলা গ্রামীণ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শয্যার পাশে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
রোগীদের চিকিৎসার কোনো খামতি হচ্ছে কিনা, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি।
রোগীদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি যে কোনো প্রয়োজনে সবরকম সাহায্যের আশ্বাস দেন বিধায়িকা স্বাগতা মান্না।
এদিনের এই কর্মসূচিতে বিধায়িকার পাশাপাশি উপস্থিত ছিলেন হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH), অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। বিধায়িকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে আসা সাধারণ মানুষ ও রোগীর পরিবার পরিজনেরা।