কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
সমবায়ের গুদাম থেকে সেলাই মেশিন ও স্কুল পোশাক উদ্ধার: রণক্ষেত্র বাঁকুড়ার মটগোদা, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি
By Reporter Sabyasachi June 27, 2026
Share:
স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ সরকারি সেলাই মেশিন ও স্কুল পড়ুয়াদের পোশাক আত্মসাৎ করে সমবায় সমিতির গুদামে লুকিয়ে রাখার অভিযোগে তুলকালাম কাণ্ড বাঁকুড়ার রাইপুর থানার মটগোদা গ্রামে। ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভ এবং পুলিশকে লক্ষ্য করে আচমকা ইট পাটকেল ছোঁড়ার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী লাঠি উঁচিয়ে দুষ্কৃতীদের হঠিয়ে সমবায়ের গুদাম থেকে বিপুল সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাইপুর ব্লকের মটগোদা গ্রামে অবস্থিত 'মটগোদা সবুজসাথী বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতি লিমিটেড'-এর নিজস্ব গুদামে দীর্ঘদিন ধরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য আসা সরকারি সামগ্রী লুকিয়ে রাখার অভিযোগ উঠছিল। এলাকার স্বনির্ভর দলগুলির অভিযোগ, তাঁদের দেওয়ার জন্য সরকারিভাবে আসা সেলাই মেশিন ও অন্যান্য জিনিসপত্র বণ্টন না করে সমবায়ের গুদামে অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল। এই নিয়ে দীর্ঘদিন ধরে সরব হলেও এতদিন পুলিশ ও প্রশাসন কোনো পদক্ষেপ করেনি বলে দাবি আন্দোলনকারীদের। অবশেষে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর টনক নড়ে প্রশাসনের।
এদিন দুপুরে রাইপুর থানার পুলিশ ওই সমবায় সমিতির গুদামটি খুলে তল্লাশি চালাতে যায়। পুলিশ গুদাম থেকে ৯টি সেলাই মেশিন, ১টি আলমারি এবং প্রাথমিক স্কুলের পড়ুয়াদের ৩ বস্তা পোশাক সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে গেলেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযোগ, উদ্ধারকাজে বাধা দিতে আচমকাই একদল যুবক পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ও পাটকেল ছুঁড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে পুলিশ অত্যন্ত শক্ত হাতে পরিস্থিতি সামাল দেয়। আক্রমণকারী যুবকদের তাড়া করে এলাকা থেকে হঠিয়ে দেওয়া হয়। এরপর পুলিশ গুদামের দরজা পুরোপুরি খুলে সমস্ত মজুত সামগ্রী উদ্ধার করে রাইপুর থানায় নিয়ে যায়।
এলাকার স্বনির্ভর দলগুলির সদস্যদের অভিযোগের তির ওই সংঘের কর্মকর্তা বর্ণালী দে-র দিকে। তাঁদের দাবী "বর্ণালী দে সম্পূর্ণ অবৈধভাবে এই সংঘ সমবায় সমিতি গঠন করেছেন। তিনি শুধু স্বনির্ভর দলের সদস্যাদের তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিতই করেননি, বরং স্বনির্ভর দলগুলির কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।"
বিক্ষুব্ধ মহিলারা অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত নেত্রী বর্ণালী দে-র দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত দুর্নীতি ও চুরির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত সংঘ নেত্রী বর্ণালী দে। তাঁর পালটা দাবি, উদ্ধার হওয়া সেলাই মেশিনগুলি স্বনির্ভর দলগুলিকে বিলি করার জন্য আনা হয়নি। সম্প্রতি ব্লক প্রশাসনের নির্দেশেই স্থানীয় মহিলাদের একটি সেলাই প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে ওই মেশিনগুলি ভাড়া করে সমবায়ের দফতরে আনা হয়েছিল। টাকা আত্মসাতের অভিযোগও তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন।
আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে যাতে কোনো অশান্তি না ঘটে, তার জন্য মটগোদা গ্রামে কড়া নজরদারি চালাচ্ছে রাইপুর থানার পুলিশ।