Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

পিংলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা: স্টেট বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল দুই মাসতুতো বোন, আটক বাস ও চালক

 -Sabyasachi By -Sabyasachi November 14, 2026
পিংলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা: স্টেট বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল দুই মাসতুতো বোন, আটক বাস ও চালক

পশ্চিম মেদিনীপুরের পিংলায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। শনিবার বিকেলে একটি স্টেট বাসের ধাক্কায় দুই তরুণীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক বাসটি এবং দুই চালককে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই তরুণীর নাম সোহানা ইয়াসিন (১৫) এবং নাজমি খাতুন (২৫)। তাঁদের বাড়ি যথাক্রমে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার সাগরবার এবং কলকাতার টালিগঞ্জে। সম্পর্কে তাঁরা মাসতুতো বোন। সম্প্রতি তাঁরা পিংলার বলিশ্বরপুরে নিজেদের মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
শনিবার বিকেল প্রায় ৩টে নাগাদ পিংলা থানার মণ্ডলবাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, একটি বাইকে তিনজন সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন। অন্যদিকে, মুন্ডুমারীর দিক থেকে আসা একটি স্টেট বাস পিংলার দিকে যাচ্ছিল। মণ্ডলবাড়ের একটি বাঁকের মুখে হঠাৎ বাইকটি ব্রেক কষলে পিছনের আসনে বসে থাকা দুই তরুণী রাস্তায় ছিটকে পড়ে যান। অভিযোগ, সেই মুহূর্তেই বাসের পিছনের চাকা তাঁদের ওপর দিয়ে চলে যায়, যার ফলে ঘটনাস্থলেই তাঁদের মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পিংলা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় দুই তরুণীকে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তবে বাইকচালক এই দুর্ঘটনায় অক্ষত রয়েছেন।

এদিকে, মৃত্যুর খবর হাসপাতালে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারাও। হাসপাতাল চত্বরে সাময়িকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন দাবি উঠে আসছে। বাসচালক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, অন্যদিকে স্থানীয়দের একাংশের মতে বাইকের অতিরিক্ত গতিই এই বিপদের কারণ হতে পারে। পুলিশ বাস ও বাইক—দুটি বাহনই আটক করেছে। পাশাপাশি, স্টেট বাসের চালক ও বাইকের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঠিক কী কারণে এবং কার ভুলে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পিংলা থানার পুলিশ।