Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

পানীয় জলের ট্যাঙ্কে ঘাস মারার বিষ! পিংলার করকাই বাটিটাকিতে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

 -Sabyasachi By -Sabyasachi November 12, 2026
পানীয় জলের ট্যাঙ্কে ঘাস মারার বিষ! পিংলার করকাই বাটিটাকিতে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
পানীয় জলে বিষ প্রয়োগের ভয়ংকর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার করকাই বাটিটাকি এলাকায়। একটি চায়ের দোকানের জলের ট্যাঙ্কে দুষ্কৃতীরা ঘাস মারার বিষ মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ। তবে ভোরে বিষয়টি নজরে আসায় বড়সড় বিপদ ও প্রাণহানির আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়েই ইতিমধ্যেই তদন্তে নেমেছে পিংলা থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করকাই বাটিটাকি এলাকার ওই চায়ের দোকানে প্রতিদিনের মতো এলাকার বহু মানুষ ও পথচলতি সাধারণ মানুষ চা পান করতে আসেন। দোকানদার প্রতিদিনের প্রথামাফিক বৃহস্পতিবার ভোরে দোকান খুলতে এসে জলের ট্যাঙ্কের জল ও গন্ধ দেখে সন্দেহ প্রকাশ করেন। এরপর ভালোভাবে খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, ট্যাঙ্কের জলে তীব্র গন্ধযুক্ত ঘাস মারার বিষ মেশানো রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাতের অন্ধকারে বা ভোরে দোকান খোলার আগেই কোনও দুষ্কৃতী এই জঘন্য কাজ করেছে। যদি সময়মতো বিষয়টি নজরে না আসত, তবে ওই জল দিয়ে চা তৈরি হলে তা পান করে বহু মানুষের গুরুতর অসুস্থ হয়ে পড়ার এমনকি প্রাণহানির মতো মারাত্মক ঘটনা ঘটে যেতে পারত। জনবহুল এলাকায় এভাবে প্রকাশ্যে পানীয় জলে বিষ মেশানোর ঘটনায় চরম আতঙ্কিত স্থানীয় মানুষজন।

ঘটনার পরই দ্রুত খবর দেওয়া হয় পিংলা থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং জলের নমুনা সংগ্রহ করে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতামূলক কাজের চেষ্টা চালাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।

এলাকার বিজেপির মন্ডল সভাপতি পঞ্চানন জানার অভিযোগ, গভীর চক্রান্ত করে সাধারণ মানুষকে প্রানে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল, এর পিছনে গভীর রহস্য আছে। পুলিশ সত্য উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দিক।