রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে ফের মামলা, আইসিডিএস-এ চাকরির নামে ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে পুলিশি হেফাজত
By By The News Express September 30, 2026
Share:
আইসিডিএস (ICDS)-এ চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে পিংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক অজিত মাইতির বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হয়েছে। এই মামলায় খড়গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের হওয়ার পর মেদিনীপুর আদালত তাঁকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
সুত্রের খবর, ২০২৫ সালে আইসিডিএস-এর চাকরির জন্য অজিত মাইতির সঙ্গে যোগাযোগ করা হলে, অভিযোগ অনুযায়ী চাকরি করে দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা চাওয়া হয় এবং সেই টাকা অজিত মাইতির ছেলে অর্ক মাইতির হাতে তুলে দেওয়া হয়েছিল।
পরবর্তীতে অভিযোগকারীর স্ত্রীর চাকরি তো হয়নিই, এমনকি সেই টাকাও ফেরত পাওয়া যায়নি। এরপর গত ২৬ সেপ্টেম্বর খড়গপুর লোকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অজিত মাইতিকে মেদিনীপুর আদালতে পেশ করে। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হলে আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বলে জানিয়েছেন সরকারি আইনজীবী পৌলমী কলা বেরা।
প্রসঙ্গত এর আগেও অজিত মাইতির বিরুদ্ধে ২০১৬ সালে এক ব্যক্তিকে দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগে একটি মামলা চলছে। ওই মামলাতেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল এবং আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল।
যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি। আদালতে যাওয়ার পথে তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে এই মামলাগুলি দায়ের করা হচ্ছে।
অজিত মাইতির আইনজীবী মৃণাল চৌধুরী জানিয়েছেন, একটি মামলার পর পরবর্তী সময়ে একের পর এক মামলা যুক্ত করা হচ্ছে এবং এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন।
বর্তমানে আদালতের নির্দেশে চার দিনের পুলিশি হেফাজতে রয়েছেন অজিত মাইতি। আইসিডিএস-এর চাকরির নামে টাকা লেনদেনের প্রকৃত সত্যতা এবং অভিযোগের সত্যতা পুলিশি তদন্তের পরেই সম্পূর্ণ স্পষ্ট হবে।