Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

বাঁকুড়ায় হাতির তাণ্ডব: বড়জোড়ার সাউলিয়া গ্রামে স্কুল চত্বরে ঢুকে ভাঙল মিড ডে মিলের রান্নাঘরের ছাউনি

By The News Express By By The News Express September 29, 2026
বাঁকুড়ায় হাতির তাণ্ডব: বড়জোড়ার সাউলিয়া গ্রামে স্কুল চত্বরে ঢুকে ভাঙল মিড ডে মিলের রান্নাঘরের ছাউনি
বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় থানার বৃন্দাবনপুর অঞ্চলের সাউলিয়া গ্রামে গভীর রাতে হাতির হানায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। গ্রামে ঢুকে একটি দাঁতাল হাতি বিদ্যালয় চত্বরে তাণ্ডব চালিয়ে মিড ডে মিলের রান্নাঘরের ছাউনির একটি বড় অংশ ভেঙে দেয়। তবে এই ঘটনায় সৌভাগ্যবশত কোনও হতাহতের খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১০টা নাগাদ একটি বন্য হাতি হঠাৎই সাউলিয়া গ্রামের স্কুল চত্বরে প্রবেশ করে। গভীর রাতে হাতির গোঁঙনির শব্দ পেয়ে গ্রামবাসীরা সজাগ হয়ে যান এবং ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা দেখতে পান, ততক্ষণে হাতিটি মিড ডে মিলের রান্নাঘরের ছাউনিতে হামলা চালিয়ে বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত করেছে। পরবর্তীতে এলাকাবাসীর হইচই ও শোরগোলে হাতিটি সেখান থেকে সরে যায়।

জঙ্গল সংলগ্ন এলাকা হওয়ায় সাউলিয়া গ্রামে প্রায়শই হাতির হানা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। কখনো কাঁচা বাড়িঘর ভাঙচুর, আবার কখনো কৃষকদের পাকা ফসল নষ্ট করছে দাঁতালের দল। বারবার এমন ঘটনার জেরে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।
স্কুলের শিক্ষক অদ্বৈত আখুলী এই প্রসঙ্গে বলেন, "দাঁতাল হাতির এই হানায় স্কুলের পড়ুয়ারা অত্যন্ত আতঙ্কে রয়েছে। পাশাপাশি মিড ডে মিল রান্নার ক্ষেত্রেও মারাত্মক অসুবিধার সৃষ্টি হয়েছে। প্রশাসনের কাছে আমাদের জোরালো আবেদন, যত দ্রুত সম্ভব যেন মিড ডে মিলের ঘরটি সংস্কার করে দেওয়া হয়।"

বারবার বন্য হাতির লোকালয়ে ঢুকে পড়ার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বন দপ্তরের কাছে তাঁদের দাবি, অবিলম্বে জঙ্গল লাগোয়া এই এলাকায় হাতির গতিবিধির উপর নজরদারি বাড়ানো হোক এবং লোকালয়ে হাতি প্রবেশ রুখতে প্রয়োজনীয় স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।