হুগলির ঐতিহ্যবাহী তারকেশ্বর মন্দিরে পৌঁছান কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে তিনি বাবা তারকনাথের মাথায় জল ঢেলে রাজ্যবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
পুজো সম্পন্ন করার পর মন্দির চত্বরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন মহামান্য বিচারপতি এবং তারকেশ্বর বিধানসভার বিধায়ক সন্তু পান।
বিচারপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকেশ্বর ধামের আধ্যাত্মিক পরিবেশের প্রশংসা করেন এবং এই ঐতিহাসিক শৈবতীর্থে এসে পুজো দিতে পেরে নিজের সন্তোষ ও আনন্দ ব্যক্ত করেন।
তারকেশ্বর বিধানসভার বিধায়ক সন্তু পান মহামান্য বিচারপতির এই সফরকে অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেন। তিনি জানান, হাইকোর্টের মহামান্য বিচারপতি তারকেশ্বরে এসে পুজো দিয়েছেন, যা পুরো তারকেশ্বরবাসীর কাছে অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়।
বিচারপতির এই সফরকে কেন্দ্র করে তারকেশ্বর মন্দির চত্বরে এবং স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুজো ও সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পর তাঁরা মন্দির চত্বরের সার্বিক ব্যবস্থাপনা ও পরিকাঠামো খতিয়ে দেখেন।