প্রাকৃতিক দুর্যোগ ও নিম্নচাপের জেরে ফের মারাত্মক রূপ ধারণ করেছে নদীভাঙন। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া অঞ্চলের বাড় অমৃতবেড়িয়া এলাকায় রূপনারায়ন নদীর পাড় ভাঙতে শুরু করায় চরম আতঙ্ক ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। বছরের পর বছর শুধু রাজনৈতিক আশ্বাসের বেড়াজালে আটকে থাকার পর এ বার স্থায়ী সমাধানের দাবি তুলছেন স্থানীয়রা।
প্রশাসনিক পরিদর্শন ও আশ্বাস
পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, পুলিশ সুপার অংশুমান সাহা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধিরা। আগের সরকার কেবল অস্থায়ী কাজ করে দায় সারার অভিযোগ উঠলেও, এ বারের পরিস্থিতি নিয়ে জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত জানিয়েছেন যে, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরেই এই দীর্ঘস্থায়ী সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
স্থানীয় বাসিন্দা সুকুমার দাস, অলকা জানা এবং শংকরপ্রসাদ বেতালদের অভিযোগ প্রাকৃতিক দুর্যোগ এলেই নদীরপাড় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গত বছর পাড় ভেঙে লোকালয়ে জল ঢুকতে শুরু করার পর কেবল অস্থায়ীভাবে মেরামতি করা হয়েছিল, যা কোনো স্থায়ী সুরক্ষা দিতে পারেনি। রূপনারায়ন নদীর পাড়ে অবৈধভাবে বহু হোটেল ও দোকান গড়ে উঠেছে, যার ফলে নদীর স্বাভাবিক জলের গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং ভাঙন আরও তীব্র আকার ধারণ করছে।শুধু মৌখিক আশ্বাস নয়, অবিলম্বে কংক্রিটের স্থায়ী নদীপাড় নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের শীর্ষ কর্তারা এলাকা পরিদর্শন করায় এ বার স্থায়ীভাবে এই দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে বলেই আশা দেখছেন এলাকার মানুষ।