Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

শাসকদলের পাখিরচোখ নন্দীগ্রাম, উপনির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে তৎপরতা; বিশেষ বৈঠক নেতৃত্বের

By The News Express By By The News Express September 09, 2026
শাসকদলের পাখিরচোখ নন্দীগ্রাম, উপনির্বাচনকে কেন্দ্র করে তুঙ্গে তৎপরতা; বিশেষ বৈঠক নেতৃত্বের
আগামী ৬ অক্টোবর রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্র— নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার পরেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসকদল। পূর্ব মেদিনীপুর জেলার হাইপ্রোফাইল নন্দীগ্রাম বিধানসভাকে পাখির চোখ করে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে তুলেছে পদ্মশিবির। দলীয় সংগঠনকে আরও মজবুত করতে মঙ্গলবার নন্দীগ্রামে এক বিশেষ সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির উপনির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত শীর্ষ নেতৃত্বরা।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই নন্দীগ্রামের রেয়াপাড়ার দলীয় কার্যালয়ে সাজসাজ রব। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনিল বনশল এবং নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত অবজারভার তথা সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা সহ বেশ কয়েকজন বিধায়ক ও জেলা কমিটির পদাধিকারীরা।

বৈঠক শেষে কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারী বলেন, "বিজেপি একটি সম্পূর্ণ সংগঠিত দল। আমরা বুথে বুথে এবং ঘরে ঘরে গিয়ে প্রচার চালাবো। আমাদের নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম উপনির্বাচনে সর্বোচ্চ মার্জিনে প্রার্থীকে জয়ী করার টার্গেট বেঁধে দিয়েছেন। সেই লক্ষ্যেই আমরা প্রস্তুত। দল যাকে প্রার্থী করবে, তাকেই রেকর্ড ভোটে জয়ী করতে হবে।"

তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মলয় সিনহা জানান, "নন্দীগ্রাম উপনির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করাই আমাদের মূল লক্ষ্য। সেই অনুযায়ী ইতিমধ্যেই সংগঠনকে সাজিয়ে নিয়ে বুথ স্তরে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন কেবল সঠিক সময়ের অপেক্ষা।"

রাজনৈতিক মহলের মতে, পুজোর আগেই এই উপনির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক তাপমাত্রা এখন থেকেই চড়তে শুরু করেছে।