Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

দাদাগিরির প্রতিবাদে রুখে দাঁড়াল জনতা! বাসে তাণ্ডব চালিয়ে যাত্রীদের হাতে গণপিটুনি দুষ্কৃতীর

By The News Express By By The News Express July 30, 2026
দাদাগিরির প্রতিবাদে রুখে দাঁড়াল জনতা! বাসে তাণ্ডব চালিয়ে যাত্রীদের হাতে গণপিটুনি দুষ্কৃতীর
রাজ্যে কি তবে জাঁকিয়ে বসা দাদাগিরির বিরুদ্ধে সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে? ক্ষীরেরতলার রবিবাসরীয় ঘটনা অন্তত সে রকমই ইঙ্গিত দিচ্ছে। ৭২ নম্বর রুটের যাত্রীবোঝাই বাসে উঠে তাণ্ডব চালানো এবং চালক-কন্ডাক্টরকে মারধরের অপরাধে এক দুষ্কৃতীকে ধরে গণধোলাই দিল ক্ষুব্ধ সাধারণ যাত্রী ও জনতা।

ঘটনাটি ঘটেছে হাওড়ার ক্ষীরেরতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই একটি ৭২ নম্বর রুটের বাসে হঠাৎ করেই চড়াও হয় তিনজনের একটি দুষ্কৃতী দল। বাসে উঠেই তারা তাণ্ডব চালাতে শুরু করে। চালককে বেধড়ক মারধর করার পাশাপাশি বাসের কাঁচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, এর পর কন্ডাক্টরের ব্যাগ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করতেই বাসের ভেতরে থাকা সাধারণ যাত্রীদের ধৈর্যের বাঁধ ভাঙে।

আর ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে, অন্যায়ের প্রতিবাদে একজোট হয়ে যান বাসের যাত্রীরা। দুষ্কৃতীদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়। অবস্থা বেগতিক দেখে দলের দুই দুষ্কৃতী কৌশল করে চম্পট দিতে পারলেও, হাতেনাতে ধরা পড়ে যায় এক যুবক। এরপরই স্থানীয় ও বাসের ক্ষুব্ধ জনতা তাকে ধরে উত্তম-মধ্যম দিতে শুরু করে।
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ব্যাটরা থানার পুলিশ। ক্ষুব্ধ জনতার হাত থেকে কোনোক্রমে আহত দুষ্কৃতীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায় পুলিশ বাহিনী।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষীরেরতলা এলাকায় কিছুক্ষণের জন্য চরম উত্তেজনা ছড়ায় এবং সাময়িকভাবে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল।

এই ঘটনা স্পষ্ট করে, এলাকায় দাদাগিরি বা তোলাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষ আর মুখ বুজে সহ্য করতে রাজি নয়। অন্যায়ের বিরুদ্ধে জনতাই এখন সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলছে।