কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
বর্ষার মুখে আসানসোলকে সাজাতে পথে মন্ত্রী, একগুচ্ছ কড়া পদক্ষেপের নির্দেশ
By Reporter Sabyasachi June 27, 2026
Share:
বর্ষা নামার আগেই শহরকে সুন্দর ও জলযন্ত্রণা মুক্ত করতে কোমর বেঁধে ময়দানে নামলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। সম্প্রতি নিজের বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্ত খতিয়ে দেখতে জেলাশাসককে সঙ্গে নিয়ে পরিদর্শনে বের হন তিনি। শহরের যেসব এলাকায় জল জমার সমস্যা রয়েছে, সেগুলি ঘুরে দেখার পাশাপাশি সাফাই কর্মীদের সঙ্গেও সরাসরি কথা বলেন মন্ত্রী।
হীরাপুর এলাকার একটি অনুষ্ঠান থেকে আসানসোল শহরকে সুন্দর ও নিয়মের বেড়াজালে বাঁধতে একগুচ্ছ বড় ঘোষণা ও নির্দেশ দেন তিনি।
শহরের আবর্জনা পরিষ্কার নিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, এবার থেকে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কর্মীই ব্যবহার করা হবে। কাজের গতি বাড়াতে এবং স্বচ্ছতা বজায় রাখতে নয়া নিয়মের কথা বলেন তিনি।
মন্ত্রী জানান সকালে কাজের জন্য কর্মীরা যেমন নির্দিষ্ট পারিশ্রমিক পাবেন, তেমনই দুপুরের শিফটে কাজের জন্য আলাদা টাকা পাবেন।
কোনোভাবেই অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কর্মী বসিয়ে রাখা হবে না।
বিগত সরকারের আমলে একই কাজে যেভাবে অতিরিক্ত লোক ব্যবহার করে অপচয় করা হতো, বর্তমান সরকার সেই পথে হাঁটবে না।
শহরের পার্কিং ব্যবস্থা নিয়ে একঝাঁক নতুন নিয়মের কথা ঘোষণা করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। পার্কিং জোনগুলিতে অরাজকতা বন্ধ করতে মন্ত্রীর নির্দেশ,
প্রতিটি পার্কিং লটে বাধ্যতামূলকভাবে পার্কিং বোর্ড লাগাতে হবে। কর্তব্যরত কর্মীদের গলায় সব সময় আইডেন্টিটি কার্ড ঝোলানো থাকতে হবে।
পার্কিংয়ের ফি নেওয়ার ক্ষেত্রে কোনো নগদ টাকা (Cash) লেনদেন করা যাবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে মেশিনের মাধ্যমে ডিজিটাল উপায়ে।
কোনো গাড়ি যাতে দিনের পর দিন এক জায়গায় স্থায়ীভাবে দাঁড়িয়ে না থাকে, তার জন্য রোজ পার্কিংয়ের স্থান বদল করা হবে।
এলাকার সৌন্দর্যায়নের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনের দিকেও নজর দিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী। তিনি ঘোষণা করেন, "এলাকায় যাদের বাড়িতে এখনো বাথরুম বা শৌচাগার নেই, অথচ নিজস্ব জমি রয়েছে—তাদের সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে বাথরুম তৈরি করে দেবে রাজ্য সরকার। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা আমাদের প্রধান লক্ষ্য। নিয়মের বাইরে কোনো কাজ বরদাস্ত করা হবে না।"
বর্ষার আগেই মন্ত্রীর এই অতর্কিত পরিদর্শন এবং কড়া নির্দেশিকায় আসানসোল পুরনিগম ও প্রশাসনিক মহলে ব্যাপক তৎপরতা তৈরি হয়েছে।