Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম বায়োমেট্রিক হাজিরা পিংলার স্কুলে, উদ্বোধনে চাঁদের হাট

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 18, 2026
পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম বায়োমেট্রিক হাজিরা পিংলার স্কুলে, উদ্বোধনে চাঁদের হাট
পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম ছোটখেলনা। সেখানেই অবস্থিত ছবির মতো সাজানো স্কুল ‘ছোটখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির (উঃমাঃ)’। মনোরম পরিবেশ এবং শৃঙ্খলার জন্য পরিচিত এই বিদ্যালয়েই বুধবার এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো। পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম স্কুল হিসেবে এখানে চালু হয়ে গেল ‘বায়োমেট্রিক’ হাজিরা পদ্ধতি। এখন থেকে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী থেকে শুরু করে প্রায় দু’হাজার ছাত্রছাত্রী—সকলকেই বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ দিয়ে নিজেদের উপস্থিতি নথিভুক্ত করতে হবে।

বুধবার বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে এই অত্যাধুনিক ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বায়োমেট্রিক হাজিরার পাশাপাশি এদিন স্কুলের পড়ুয়াদের জন্য আরও একগুচ্ছ নতুন পরিকাঠামো উদ্বোধন হয়। যার মধ্যে রয়েছে একটি অত্যাধুনিক স্মার্ট ক্লাসরুম, গণিত চর্চাকে সহজ করতে ম্যাথ ল্যাব,
অসুস্থ পড়ুয়াদের দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য একটি হাসপাতাল,
ঐতিহাসিক ও শিক্ষামূলক নিদর্শনের জন্য একটি সংগ্রহশালা।

এদিন বিদ্যালয় প্রাঙ্গণে উন্মোচিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সর্বপল্লি রাধাকৃষ্ণন, বি আর আম্বেদকর এবং ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের পূর্ণাবয়ব আবক্ষ মূর্তি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্রকুমার গৌড়ী জানান, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় দু’হাজার ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি বছরভর বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবিরের মতো নানা সামাজিক কাজেও তারা যুক্ত থাকে। তিনি বলেন, "পড়ুয়াদের উন্নত শিক্ষার স্বার্থেই স্মার্ট ক্লাসরুম ও ম্যাথ ল্যাবরেটরি গড়া হয়েছে। এছাড়া, সরকারি নির্দেশিকা আসার আগেই আমরা অগ্রিম পদক্ষেপ হিসেবে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করে দিলাম।"

বুধবারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে বসেছিল ‘চাঁদের হাট’। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা, সবংয়ের বিধায়ক অমল পণ্ডা, সমাজসেবী তন্ময় দাস, অমূল্য মাইতি এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী আত্মনাথানন্দ সহ বিশিষ্ট জনেরা।

প্রাক্তন ক্রিকেটার, রাজ্যের মন্ত্রী অশোক দিন্ডাকে হাতের কাছে পেয়ে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পড়ুয়াদের সুনাগরিক হওয়ার বার্তা দেন এবং প্রকৃত মানুষ গড়তে শিক্ষকদের প্রয়োজনে ‘লাঠি ধরা’র পরামর্শও দেন।

অন্যদিকে, বক্তব্য রাখতে গিয়ে আবেগপ্লাবিত হয়ে পড়েন সবংয়ের বিধায়ক অমল পণ্ডা। তিনি ছাত্রছাত্রীদের নিজের ‘নাতি-নাতনি’ বলে সম্বোধন করতেই মুহুর্মুহু হাততালিতে কেঁপে ওঠে গোটা স্কুল চত্বর। তিনিও পড়ুয়াদের মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান।

গ্রামীণ এলাকার একটি স্কুলের এই আধুনিক রূপান্তর ও শৃঙ্খলা স্বভাবতই জেলাজুড়ে প্রশংসা কুড়োচ্ছে।