কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
ঝাড়ু হাতে পথে নামলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবার যত্র-তত্র আবর্জনা ফেললেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা!
By Reporter Sabyasachi June 16, 2026
Share:
মৌবনী মান্না, কলকাতা:
শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। এই বার্তা আগেই দিয়েছিলেন নগর ও পৌর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার মানুষকে সচেতন করতে মঙ্গলবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় ঝাড়ু হাতে নিজেই রাস্তায় নামলেন তিনি। রাস্তা নোংরা করলেই এবার থেকে দিতে হবে জরিমানা। আরও একবার তিনি সেই নির্দেশ দিলেন আজ। মঙ্গলবার, মন্ত্রীকে এই কাজে নামতে দেখে সমাজ এবং নেট মাধ্যমে শুরু হয় তুমুল চর্চা।
রাস্তাঘাট, প্লাটফর্ম, বাসস্ট্যান্ড কিংবা জনবহুল এলাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা বা পানের পিক এবং থুতু ফেলার বিরুদ্ধে আসতে চলেছে কঠোর আইন। নির্মল বন্ধু-নির্মল সাথীদের নিয়ে আজ বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি আয়োজিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, নগর উন্নয়ন দপ্তরের একাধিক আধিকারিক এবং নির্মল বাংলার সঙ্গে যুক্ত কর্মীরা।
এরপর নিজেই ঝাড়ু হাতে একাধিক দোকানের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এছাড়াও, বাসস্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন গ্যারেজেও যান তিনি। রাস্তা বা নর্দমায় বর্জ্য ফেলা চলবে না। দোকানদারদের রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আবেদনও জানান তিনি। পরিবেশ ও জনস্বাস্থ্যের স্বার্থে সকলকেই সচেতন হতে হবে। সেই কড়া বার্তাও দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়েছেন, বাসের জানলা দিয়ে বা রাস্তায় পানের পিক, প্লাস্টিক, বোতল কিংবা অন্য কোনও আবর্জনা ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের সময়ে ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছিল। সেই সময় প্রতি বাড়িতে যে বালতি দেওয়ার কথা ছিল, তা নিয়েও দুর্নীতির অভিযোগ ওঠে।
মন্ত্রী বলেন, “আমাদের সরকার শহর ও গ্রামকে নির্মল ও পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর। নির্মল বন্ধু ও নির্মল সাথীরা অত্যন্ত ভালো কাজ করছেন। আমরা চাই সাধারণ মানুষও এই কাজে অংশ নিন।”
তিনি আরও বলেন, “১ সেপ্টেম্বর থেকে রাস্তায় কেউ নোংরা, পানের পিক ফেললে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সঙ্গে সঙ্গে তাঁর ছবি তুলবেন। সেই প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার নোটিস সরাসরি তাঁর বাড়িতে পৌঁছে যাবে। পরিচ্ছন্ন বাংলা গড়তে আইনকে আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে।”
উন্নত এবং পরিচ্ছন্ন শহর গড়তে সরকার বা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে এবং নিজেদের পরিবর্তনও করতে হবে এমনটাই আবেদন জানিয়েছেন নগর ও পৌর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।