Mon, May 11, 2026
 Network
Breaking News
রাজ্যে রাজনৈতিক পালাবদল: পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস ‘শুদ্ধিকরণ’ বিজেপি নেতৃত্বের প্রথম দিনেই মুখ্যমন্ত্রীর ঠাসা কর্মসূচি সকাল থেকে নবান্ন সভাঘরে সাজো সাজো রব সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না! ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কী ভাবে দেওয়া হবে, স্পষ্ট করলেন তা-ও কোন মন্ত্রিত্ব পেলেন দিলীপ ঘোষ? অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিকদেরও হয়ে গেল দফতর বণ্টন

সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Reporter Sabyasachi By Reporter Sabyasachi May 11, 2026
সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে নিয়োগের জট কাটবে, সুযোগ পাবেন বঞ্চিতরা। সেই প্রতিশ্রুতি রক্ষায় বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সোমবার নবান্নে নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) শেষে তিনি জানিয়ে দিলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা একধাক্কায় ৫ বছর বাড়িয়ে দেওয়া হল।

তৃণমূল জমানায় দীর্ঘ দিন নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী বয়সের ভারে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে ছিটকে গিয়েছিলেন। নতুন সরকারের এই সিদ্ধান্তে তাঁদের সামনে পুনরায় সরকারি চাকরির দরজা খুলে গেল। প্রথম ক্যাবিনেট বৈঠকেই এমন 'মাস্টারস্ট্রোক' দিয়ে শুভেন্দু স্পষ্ট করে দিলেন, কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগই তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার।

শনিবার শপথগ্রহণের পর সোমবারই নবান্নের ১৪ তলায় নিজের নির্দিষ্ট ঘরে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন তাঁর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। দফতর বণ্টন এখনও না হলেও, রাজ্যের জরুরি প্রশাসনিক বিষয়গুলি নিয়ে এদিন দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরাও।

নির্বাচনী প্রচারে অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন, যাঁদের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে, তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করবে বিজেপি সরকার। এদিন সেই 'গ্যারান্টি' পূরণ করে মুখ্যমন্ত্রী জানান, যাঁরা সুযোগ না পেয়েই বয়সের কারণে পিছিয়ে পড়েছিলেন, তাঁদের জন্য এই ৫ বছরের ছাড় সঞ্জীবনীর মতো কাজ করবে।

বাংলার নিরাপত্তা প্রশ্নে এক ইঞ্চিও আপস করতে নারাজ নতুন মুখ্যমন্ত্রী। বিএসএফ-এর (BSF) সীমান্ত চৌকি নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে আটকে থাকা জমি হস্তান্তরের ফাইলে এদিন অনুমোদন দিয়েছেন তিনি। শুভেন্দুর নির্দেশ, 'ভূমি ও রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে, আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।'

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের সরকার রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) কার্যকর করেনি। আজ থেকে বাংলায় সংবিধান মেনে বিএনএস অনুযায়ী কাজ হবে। পাশাপাশি, রাজ্যের আইএএস ও আইপিএস অফিসারদের কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে যুক্ত হওয়ার ক্ষেত্রে যে অনীহা ছিল, তা কাটাতে ভিনরাজ্যের নিয়ম অনুসরণ করার নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্যবাসীর মনে একটা আশঙ্কা ছিল যে সরকার বদলালে হয়তো 'লক্ষ্মীর ভাণ্ডার' বা অন্যান্য অনুদান বন্ধ হয়ে যাবে। এদিন সেই ভয় দূর করে শুভেন্দু স্পষ্ট জানান, 'লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনকল্যাণমূলক সব প্রকল্পই চালু থাকবে, তবে তা হবে স্বচ্ছভাবে।' আরজি কর ও সন্দেশখালি কাণ্ডের তদন্ত এবং বহু প্রতীক্ষিত সপ্তম বেতন কমিশন ও ডিএ নিয়ে আগামী ক্যাবিনেট বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

সাংবাদিক বৈঠকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে শুভেন্দু এও বলেন, 'বেঁচে থাকা চার-পাঁচ শতাংশ সমালোচকও যাতে খুঁত না ধরতে পারে, আমরা তেমনভাবেই কাজ করব।'