পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা•জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা•ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন•শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা•৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •
মাত্র ১১ বছর বয়সেই হাতের জাদুতে মাটির দুর্গা প্রতিমা গড়ে তাক লাগাল মালদার কিংশুক
By -Sabyasachi October 09, 2026
Share:
মালদা: খেলার বয়স হলেও সে সময় কাটে মাটির সঙ্গে সখ্যতায়। আর এই বয়সেই নিজের হাতের জাদুতে মাটি দিয়ে অপরূপ এক দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এক খুদে প্রতিভা। মাত্র ১১ বছর বয়সে মালদার হবিবপুর থানার আইহো বক্সিনগর এলাকার বাসিন্দা কিংশুক সরকার তার এই প্রতিভার মাধ্যমে সকলের নজর কেড়েছে।
কিংশুক আইহো উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ছোটবেলা থেকেই মাটি নিয়ে খেলতে ভালোবাসার পাশাপাশি বিভিন্ন প্রতিমা তৈরির প্রতিও তার ছিল বিশেষ ঝোঁক। বাবা অনুপ সরকারের সঙ্গে বিভিন্ন জায়গায় প্রতিমা তৈরির কাজ দেখতে যেত সে। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মাটির দলা কীভাবে ধীরে ধীরে দেবদেবীর রূপ নেয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করত কিংশুক। সেখান থেকেই তার মনে বাসা বাঁধে প্রতিমা গড়ার স্বপ্ন।
ছেলের এই সুপ্ত প্রতিভার কথা বুঝতে পেরে বাবা অনুপ সরকার তার আবদার মেটান এবং প্রতিমা তৈরির প্রয়োজনীয় সরঞ্জাম কিনে দেন। এরপর নিজের কল্পনা ও প্রতিভাকে কাজে লাগিয়ে খেলার ছলেই বানিয়ে ফেলে মা দুর্গার একটি চমৎকার প্রতিমা।
ছেলের এই সাফল্য নিয়ে গর্বিত বাবা অনুপ সরকার জানান, "ছোটবেলা থেকেই ছেলের মাটির প্রতি আলাদা টান ছিল। মাটি নিয়ে খেলতে খেলতেই কখন যে প্রতিমা তৈরির প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে, তা বুঝতেই পারিনি। ও যদি বড় হয়ে শিল্পী হতে চায়, তবে আমাদের কোনো বাধা নেই। এই শিল্পীর প্রতিভার বিকাশ ঘটাতে আমরা সবসময় ওর পাশে আছি।"
মাত্র ১১ বছর বয়সের একটি শিশুর এমন নিখুঁত ও সুন্দর কাজ দেখে অবাক এলাকার মানুষও। এলাকার বিশিষ্টজনদের মতে, সঠিক প্রশিক্ষণ এবং একটু উৎসাহ পেলে এই ছোট্ট কিংশুক ভবিষ্যতে প্রতিমা শিল্পে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।