শহরজুড়ে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিকাশি ব্যবস্থাকে সচল করার লক্ষ্যে লাগাতার সাফাই অভিযান চালাচ্ছে কোচবিহার পৌরসভা। শনিবার এই সাফাই অভিযানের বিশেষ ছবি ধরা পড়ল কোচবিহার হাসপাতাল সংলগ্ন এলাকায়। দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা বর্জ্য পদার্থ ও রাস্তার জঞ্জাল পরিষ্কার করার কাজে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেল পুরকর্মীদের।
স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, হাসপাতাল সংলগ্ন ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার না করার ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে যেতো। এর ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে হাসপাতালে আসা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। নিকাশি পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জমা জলের সমস্যা দূর করতে পৌরসভার প্রশাসকের উদ্যোগে বিশেষ এই সাফাই কাজ শুরু হয়েছে।
তবে এই অভিযানের ক্ষেত্রে পৌরসভাকে কিছু প্রতিকূলতার মুখোমুখিও হতে হচ্ছে। জানা গিয়েছে, হাসপাতাল চত্বরের আশেপাশে বেশ কিছু ব্যবসায়ীর রাখা নানা সামগ্রী ও অস্থায়ী কাঠামোর কারণে সাফাই কর্মীদের কাজ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
পৌরসভার এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার ফুল ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে পলি ও নোংরা আবর্জনায় নালাগুলি রুদ্ধ হয়ে থাকায় জল নিষ্কাশন প্রায় বন্ধ হতে বসেছিল। পৌরসভা উদ্যোগ নিয়ে ড্রেনগুলি পরিষ্কার করায় আপাতত নিকাশি সমস্যার সমাধান মিলবে বলে তাঁরা আশাবাদী। পাশাপাশি, শহরের নিকাশি ব্যবস্থা সচল রাখতে হাসপাতাল চত্বরসহ অন্যান্য এলাকাগুলিতেও নিয়মিত বিরতিতে এই ধরনের সাফাই অভিযান বজায় রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।