কোচবিহার: অসুস্থ উপভোক্তার হাতে আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড তুলে দিতে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন বিজেপি নেতা তথা কোচবিহারের প্রাক্তন বিধায়ক নিখিল রঞ্জন দে। শুক্রবার কোচবিহার শহরের একাধিক বাড়িতে গিয়ে উপভোক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড তুলে দেন তিনি।
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় কার্ডধারীরা বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবার সুবিধা পান। সেই কার্ড যাতে উপভোক্তাদের হাতে পৌঁছয়, তার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক।
এ দিন কোচবিহার শহরের বাসিন্দা পুষ্পিতা লাহিড়ীর বাড়িতেও যান নিখিল রঞ্জন দে। দীর্ঘ দিন ধরে অসুস্থ পুষ্পিতা এর আগেও চিকিৎসার জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন। ফের তাঁকে চিকিৎসার জন্য বেঙ্গালুরু যেতে হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। সেই পরিস্থিতিতে চিকিৎসার খরচের ক্ষেত্রে আয়ুষ্মান কার্ডটি বিশেষ ভাবে কাজে আসবে বলে দাবি বিজেপির।
পুষ্পিতা এবং তাঁর বোন পূজা লাহিড়ীর হাতে কার্ড তুলে দিয়ে নিখিল বলেন, ‘‘প্রধানমন্ত্রীর উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়েছে। এ দিন তিনটি পরিবারের হাতে আয়ুষ্মান কার্ড পৌঁছে দিয়েছি। এর মধ্যে পুষ্পিতা লাহিড়ী অসুস্থ। তাঁকে চিকিৎসার জন্য বাইরে যেতে হবে। যাতে চিকিৎসার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেই কারণেই তাঁর বাড়িতে গিয়ে কার্ডটি পৌঁছে দিয়েছি। ধীরে ধীরে সকল উপভোক্তার হাতেই এই কার্ড পৌঁছে দেওয়া হবে।’’
বিজেপির এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। তবে প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের যোগ্যতা ও সংশ্লিষ্ট নিয়ম মেনে চলতে হবে।