Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

বাড়ীর বড় বৌকে কালীরুপে পূজো বাঁকুড়ার ইন্দাসে

 -Sabyasachi By -Sabyasachi November 09, 2026
বাড়ীর বড় বৌকে কালীরুপে পূজো বাঁকুড়ার ইন্দাসে

মা কালীর আরাধনায় নিত্যনতুন রূপ ও প্রথার কথা শোনা গেলেও, বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মির্জাপুরের সাঁতরা পরিবারের প্রথা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সেখানে মৃন্ময়ী মূর্তি নয়, বংশপরম্পরায় বাড়ির বড় বধূকেই পুজো করা হয় দেবী রূপে।
ইন্দাসের মির্জাপুরে সাঁতরা পরিবারের এই জীবন্ত কালীপুজোর প্রথা চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। চলতি বছরেও ঐতিহ্য ও পূর্ণ নিষ্ঠার সঙ্গে পরিবারের বড় বৌমা হীরাবালা সাঁতরাকে 'মা মুণ্ডমালিনী' রূপে আরাধনা করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বহুকাল আগে সাঁতরা পরিবারের এক পূর্বপুরুষকে দেবী কালী স্বপ্নে নির্দেশ দিয়েছিলেন বাড়ির বড় বধূকে দেবী রূপে পুজো করার। সেই স্বপ্নাদেশ মেনে শুরু হয় এই ব্যতিক্রমী আচার, যা আজও অমলিন। গত ৪০ বছর ধরে দেবীর আসনে বসে পুজো গ্রহণ করে আসছেন হীরাবালা সাঁতরা।
পুজোর দিন সকালে বিশেষ নিয়ম-নীতি মেনে দেবীর আসনে বসানো হয় হীরাবালা দেবীকে। তাঁর গলায় পরানো হয় তাজা রক্তজবার মালা এবং কপালে আঁকা হয় লাল চন্দনের তিলক। পরিবারের সদস্য ও পুরোহিতদের বিশ্বাস, পুজোর মুহূর্তে স্বয়ম্ভূ দেবী কালী ভর করেন হীরাবালা দেবীর শরীরে। নি নির্দিষ্ট মন্ত্রোচ্চারণ ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে পুরোহিত তাঁকে দেবী হিসেবে পুজো করেন।
জীবন্ত দেবীর আরাধনার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হীরাবালা দেবী বলেন, "দীর্ঘ ৪০ বছর ধরে আমি এই আসনে বসছি। দেবীর অমোঘ ইচ্ছাতেই আমি পবিত্র ওই আসনে বসি। পুজোর সময়টা আমি সম্পূর্ণ ভিন্ন জগতে চলে যাই, অদ্ভুত এক দিব্য অনুভূতি আমাকে ঘিরে থাকে। পুজো শেষ হলে আস্তে আস্তে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসি।"
কালীপুজোর রাতে এই জীবন্ত মায়ের পুজো দেখতে দূর-দূরান্ত থেকে বহু ভক্ত ও দর্শনার্থী সাঁতরা বাড়িতে ভিড় জমান। পুজোর পরদিন সকালে আবার বিশেষ নিয়ম-নীতি মেনে 'জ্যান্ত মা'-কে পুজো ও বরণ করা হয়। এরপর প্রচলিত রীতি মেনে সম্পন্ন হয় ঘট বিসর্জন।
যান্ত্রিকতা ও মৃন্ময়ী প্রতিমার ভিড়ে ইন্দাসের এই সাঁতরা পরিবারের ভক্তি আর বিশ্বাসের অপূর্ব মেলবন্ধন আজও অটুট, যা দেখতে প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন স্থানীয় বাসিন্দারা।