Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, সুইসাইড নোটে মহিলা আইনজীবী সহ একাধিক ব্যক্তির নাম ঘিরে চাঞ্চল্য

 -Sabyasachi By -Sabyasachi October 30, 2026
দত্তপুকুরে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু, সুইসাইড নোটে মহিলা আইনজীবী সহ একাধিক ব্যক্তির নাম ঘিরে চাঞ্চল্য
দত্তপুকুর থানার এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃতের নাম অনির্বাণ বসু (বাড়ি দত্তপুকুর থানার নিবাধুই এলাকায়)। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে আত্মহত্যার কারণ হিসেবে বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার ও এক মহিলা আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে বলে খবর।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা আইনজীবীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল অনির্বাণের। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ফাটল ধরে এবং সম্পর্ক ভেঙে যায়। পরিবারের অভিযোগ, সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে ওই মহিলা আইনজীবী অনির্বাণকে নানাভাবে হুমকি দিচ্ছিলেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছিলেন। যার জেরে প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছিলেন ওই তরুণ সিভিক ভলান্টিয়ার।
মৃতের মা কল্পনা বসুর দাবি, ঘটনার দিন গভীর রাতে দত্তপুকুর থানার পুলিশ ও কয়েকজন সিভিক ভলান্টিয়ার আচমকাই তাঁদের বাড়িতে এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। তাঁরা গেট খুলতে বাধ্য করার পর অনির্বাণের ঘরের দরজা খুলতেই ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। এই আকস্মিক ঘটনার পর একাধিক গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে—পুলিশ বা ওই কর্মীরা পৌঁছানোর আগেই কি অনির্বাণ আত্মঘাতী হয়েছিলেন, নাকি অন্য কোনো ঘটনার জেরে এই চরম পদক্ষেপ? সুইসাইড নোটে যাদের নাম রয়েছে, এই মৃত্যুর নেপথ্যে তাদের আসল ভূমিকা কী—সব দিক খতিয়ে দেখার দাবি তুলেছেন এলাকাবাসী।
ছেলের উপর দীর্ঘদিন ধরে চলা মানসিক অত্যাচারের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শোকার্ত মা। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।