Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

দীপাবলির আগেই আলোয় ভাসল মায়াপুর ইসকন, ঘিয়ের প্রদীপে শুরু দামোদর মাসের দীপদান উৎসব

 -Sabyasachi By -Sabyasachi October 28, 2026
দীপাবলির আগেই আলোয় ভাসল মায়াপুর ইসকন, ঘিয়ের প্রদীপে শুরু দামোদর মাসের দীপদান উৎসব
দীপাবলি আসার আগেই প্রদীপের সোনালি আলোয় ভাসল মায়াপুরের ইসকন প্রাঙ্গণ। কার্তিক মাস উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) ভক্তদের হাতে জ্বলে উঠল শত শত দীপ। কার্তিক মাসের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হওয়া এই মাসব্যাপী ‘দামোদর উৎসব’ চলবে আগামী রাস পূর্ণিমা পর্যন্ত।
প্রতিদিন সন্ধ্যা নামলেই ইসকনের বিশ্ব সদর দফতর শ্রীমায়াপুর চন্দ্রোদয় মন্দিরে সমবেত হচ্ছেন দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত। মন্দির সূত্রে খবর, সান্ধ্য আরতির পর প্রাঙ্গণ জুড়ে শুরু হয় ভক্তদের সমবেত ‘দামোদর অষ্টকম্’ পাঠ। এর পরেই প্রদীপ প্রজ্বলনে অংশ নেন ছোট-বড়, দেশি-বিদেশি সব অনুগামীরা। সারিবদ্ধভাবে কাঁচের পাত্রে বা মাটিতে সার দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় বিশেষ ঘিয়ের প্রদীপ।
ইসকন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই পবিত্র কার্তিক বা দামোদর মাস উপলক্ষে কেবল মায়াপুরই নয়, বিশ্বের সমস্ত ইসকন মন্দিরে একযোগে এই ঐতিহ্যবাহী দীপদান উৎসব পালিত হচ্ছে। ভগবানের প্রীতি লাভ, বিশ্ববাসীর মঙ্গল কামনা এবং মানবজীবনের সমস্ত অজ্ঞতার অন্ধকার দূর করে শুভশক্তির আবাহন করতেই প্রতিদিন সন্ধ্যায় ভক্তরা এই ভক্তিময় দীপদান অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। দীপাবলির দিন ঘনিয়ে আসার সাথে সাথে এই উৎসবকে কেন্দ্র করে ভক্তদের উন্মাদনা ও সমাগম আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।