Wed, Nov 18, 2026
 Network
Breaking News
পিংলায় বিজেপির বিজয়া সম্মেলন ও বুথ কর্মীদের সংবর্ধনা • জঙ্গলমহলে শান্তি ও উন্নয়নের যুগ ফিরে আসার বার্তা ভারতী ঘোষের, মাওবাদীদের মূল স্রোতে ফেরানো নিয়ে জানালেন নিজের অভিজ্ঞতা • ডেবরার কবাডি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ ভারতী ঘোষের, নিরাপত্তা ও সাংসদ পদ নিয়ে তুললেন প্রশ্ন • শাল-পিয়ালের জঙ্গলে পর্যটকদের সুরক্ষায় তৈরি হলো ‘সেলফি জোন’, খুশি জঙ্গলমহলপ্রেমীরা • ৩০ ফুট উচ্চতার রামচন্দ্র, হাতে প্রায় ১০ কেজি ওজনের তীর-ধনুক! অযোধ্যা নগরীর আবহে সেজে উঠেছে মানকুন্ডু সার্কাস মাঠের জগদ্ধাত্রী পুজো। •

ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে উত্তপ্ত রাজনীতি, ‘আমার যাওয়ার সময় হলো’ গেয়ে মমতাকে বিঁধলেন শুভেন্দু

 -Sabyasachi By -Sabyasachi October 28, 2026
ইন্দ্রনীল সেনের গ্রেফতারিতে উত্তপ্ত রাজনীতি, ‘আমার যাওয়ার সময় হলো’ গেয়ে মমতাকে বিঁধলেন শুভেন্দু
ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শো ও ভিআইপি পাস বিক্রি এবং কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গ্রেফতারিকে কেন্দ্র করে একযোগে চড়ল রাজ্য রাজনীতির পারদ।

বুধবার ইডি দফতর থেকে বেরোনো মাত্রই লালবাজারের গোয়েন্দা শাখার হাতে গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী। এই ঘটনাকে হাতিয়ার করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সুর চড়িয়ে তাঁর হুঁশিয়ারি, “ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে।”
দুর্গাপুজোর ই-পাস বিক্রি ও ‘মাস আর্ট’ নামক সংস্থার মাধ্যমে টাকা তোলার অভিযোগে দীর্ঘ দিন ধরেই তদন্ত চালাচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় এজেন্সি। এই গ্রেফতারির ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের শীর্ষ নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, ইন্দ্রনীল সেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একে অপরের পরিপূরক। প্রাক্তন মন্ত্রীর দুর্নীতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদত থাকতে পারে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, “ওঁরা তো একই গাড়িতে ঘুরতেন, একসাথে গান গাইতেন, ভাগও পেতে পারেন। প্রাতিষ্ঠানিক চোরেদের জেলেই যেতে হবে।”
প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ইন্দ্রনীলের ঘনিষ্ঠতার কথা স্মরণ করিয়ে দিতে অতীতের একাধিক সরকারি অনুষ্ঠানে তাঁদের দ্বৈত কণ্ঠের গান গাওয়ার প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী। এর পরেই কড়া খোঁচা দিয়ে সাংবাদিক বৈঠকের মঞ্চেই রবীন্দ্রসঙ্গীতের কলি আউড়ে গাইতে শুরু করেন, “আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়...”।

মুখ্যমন্ত্রীর এই গান গেয়ে কটাক্ষ করার ভিডিও ও মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। শাসক-বিরোধী তর্কে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক আবহাওয়া।